শারদীয় দুর্গাপূজা-২০২৬ ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। এ সময় পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সোমবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।
সফরের অংশ হিসেবে বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ সদরের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপনের প্রস্তুতি, মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
মতবিনিময়ে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার ঠেকানো এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে উৎসব চলাকালে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন পরিষদের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন পরিষদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা ও পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা এবং সাম্প্রদায়িক সহাবস্থানের পরিবেশ বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে পূজার দিনগুলো নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

