নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাদিম আকন্দ (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রধান আসামি হাকিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ছয় ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়া ও পারিবারিক কলহের বিষয়টি হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যবান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে নাদিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়ির একটি তালাবদ্ধ আধাপাকা টিনশেড ঘরের ভেতরে বস্তার মধ্যে মরদেহটি পাওয়া যায়।
নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জসিম উদ্দিন ও পান্না আক্তারের ছেলে। মরদেহ উদ্ধারের পর তাঁর পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ঘটনাটি জানার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেলের মেহেদী ইসলামের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রধান আসামি মো. হাকিম মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাকিম মোল্লা নড়াইল জেলার নড়াগাতী থানার গাছবাড়িয়া এলাকার মো. মাহাবুব মোল্লার ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাকিম মোল্লা নাদিমকে শিলপাটা দিয়ে মাথায় আঘাত এবং শ্বাসরোধ করে হত্যার কথা জানিয়েছেন। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, পরকীয়া ও পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার পেছনের প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
দ্রুততম সময়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করায় মামলার তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের বিস্তারিত ঘটনা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

