নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আদালত প্রাঙ্গণকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে স্লোগান দেওয়া ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এই বিএনপি নেতা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, ‘ফ্যাসিস্ট স্বৈরাচারকে যারা আদালত প্রাঙ্গণে পুনর্বাসিত করতে চাচ্ছে, নারায়ণগঞ্জের মানুষ তাদের সেই অভিলাষ কোনোভাবেই পূর্ণ হতে দেবে না।’
তিনি অভিযোগ করেন, আইন সবার জন্য সমান—এই সুযোগ কাজে লাগিয়ে গতকাল আদালত প্রাঙ্গণে এসে একটি পক্ষ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছে। এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আদালত প্রাঙ্গণে মিছিল ও স্লোগানে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সাখাওয়াত বলেন, ‘গতকাল যারা মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন এবং ঔদ্ধত্য দেখিয়েছেন, তাঁদের প্রত্যেককে ছবি দেখে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। কারণ তাঁরা এই স্লোগান দিয়ে বাংলাদেশের আইনের ব্যত্যয় ঘটিয়েছেন।’
তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ বা অন্য কোনো প্রশাসন গড়িমসি করলে কিংবা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে। যারা আদালত প্রাঙ্গণে এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন, তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দাবি জানান তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর রাজনৈতিক নির্যাতনের অভিযোগ তুলে সাখাওয়াত বলেন, তাঁরা গণতান্ত্রিক আন্দোলন করলেও তাঁদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গত ১৫ বছরে নারায়ণগঞ্জে কী পরিস্থিতি ছিল, তা মানুষ দেখেছে। তিনি নিজেও সাতবার কারাবরণ করেছেন এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে ডজন ডজন মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে দাবি করেন।
আদালত প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণকে সুশৃঙ্খল রাখতে হবে। এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা। পরে আয়োজিত সমাবেশে বিএনপি ও আইনজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, অ্যাডভোকেট সরকার হুমায়ুন, অ্যাডভোকেট জাকির হোসেন, পিপি জাকির হোসেন, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, অ্যাডভোকেট গালিব, অ্যাডভোকেট বিল্লালসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

