ধর্ম, বর্ণ কিংবা পেশাগত পরিচয়ের কারণে কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। কোনো পরিচয়ের ভিত্তিতে কাউকে অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ নেই।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করবে। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরাও পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন।
তিনি আরও বলেন, পূজা চলাকালে তিনি নিজেও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগত ভক্তদের মধ্যে ভিজিডি কার্ড বিতরণ করা হয়।

