প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ফেনী যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রিয় নেতার উপস্থিতি ঘিরে উচ্ছ্বসিত তারা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহামুদের ব্যানার ফেষ্টুন নিয়ে রাস্তার রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছিল । প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সকাল থেকে অপেক্ষা করছে হাজার হাজার নেতাকর্মী ।
তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষায় থাকা স্থানীয় কয়েকজন নেতাকর্মী জানান, সকাল ৮টার পর থেকেই দলীয় নেতাকর্মীরা মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজার কয়েকটি পয়েন্টে জড় হয়েছেন। প্রিয় নেতাকে একঝলক দেখাই তাদের মূল লক্ষ্য বলে জানান তারা।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে পরশুরাম যাবেন। সেখানে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরে ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ফুলগাজী জেলা পরিষদের ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেলে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।

