নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত বিএনপি নেতা জাকির খানকে ঘিরে ফের পরিবহন খাত থেকে চাঁদা তোলার অভিযোগ তুলেছেন গণসংহতি আন্দোলনের নেতা তরিকুল ইসলাম সুজন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া বক্তব্যে তিনি জাকির খানকে ঘিরে পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি সামনে আনেন।
তরিকুল ইসলাম সুজনের অভিযোগ, নারায়ণগঞ্জের পরিবহন খাতে দীর্ঘদিন ধরেই চাঁদা আদায়ের নানা অভিযোগ রয়েছে। নতুন করে জাকির খানকে কেন্দ্র করে পরিবহন থেকে চাঁদা তোলার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। তবে উপস্থিত বাস মালিকরা বলেছেন জাকির খান তাদের কাছে থেকে কখনোই চাঁদা দাবী বা আদায় করেনি।তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
এর আগে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্যে জাকির খানের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ-পাল্টা অভিযোগ উঠেছে। জাকির খানপন্থীদের পক্ষ থেকেও তার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ফলে নতুন করে তরিকুল ইসলাম সুজনের অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
অন্যদিকে, জাকির খানের অনুসারীদের পক্ষ থেকে অতীতেও তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, জাকির খানের নাম ব্যবহার করে কেউ কোনো অনৈতিক কর্মকাণ্ড করলে তার দায় জাকির খানের ওপর চাপানো উচিত নয়।

