নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন (৫৫)। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার ঘাটের আশপাশের নদী থেকে ভাসমান অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হেলাল উদ্দিনের ছেলে সজিব (২৪) ও সামিন (৫) এবং মেয়ে সামিনা (১৭)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত ২টা ৫৫ মিনিটের দিকে সামিনার মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৮টা ১০ মিনিটের দিকে বৈদ্যেরবাজারের আল মোস্তফা ফ্যাক্টরির সামনে থেকে সজিব ও সামিনার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রওনা হয়। যাত্রীদের সঙ্গে দুটি গরু ও একটি ছাগলও ছিল।
ট্রলারটি বৈদ্যেরবাজারের হাড়িয়া বৈদ্যেপাড়া এলাকার দিকে যাওয়ার সময় সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের মধ্যে ট্রলারটি উল্টে পানিতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা যাত্রীরা নদীতে পড়ে যান।
দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার উদ্ধারকাজে এগিয়ে আসে। তারা আটজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরে রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। রায়েশা ছিলেন নিখোঁজ হেলাল উদ্দিনের খালা।
দুর্ঘটনার পর হেলাল উদ্দিন ও তার তিন সন্তানসহ চারজন নিখোঁজ ছিলেন। তাদের সন্ধানে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিট থেকে উদ্ধার অভিযান শুরু হয়। রাত ৩টা পর্যন্ত অভিযান চালানোর পর শুক্রবার সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করা হয়।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, কোস্টগার্ড, নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ এবং স্থানীয় লোকজন অংশ নেন। পানির নিচে নিখোঁজদের সন্ধানে ক্যামেরা ব্যবহার করেও তল্লাশি চালানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো হেলাল উদ্দিন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জাহেদ চৌধুরী জানান, নদীর পানির নিচে ক্যামেরা ব্যবহার করে অনুসন্ধান চালানো হচ্ছে। ডুবুরি দলও বিভিন্নভাবে তল্লাশি অব্যাহত রেখেছে।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল জানান, ট্রলারটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি নদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করা হয়।
নিখোঁজ হেলাল উদ্দিন কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক। স্বজনরা গত দুই দিন ধরে মেঘনার তীরে অপেক্ষা করছিলেন প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায়। একে একে তিন সন্তানের মরদেহ উদ্ধারের খবরে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।
একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নদীপথে যাত্রা করেছিল পরিবারটি। কিন্তু সেই যাত্রাই পরিণত হয়েছে মর্মান্তিক ঘটনায়। একই পরিবারের তিন ভাই-বোনের মৃত্যু এবং বাবার এখনো নিখোঁজ থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এদিকে মেঘনায় ছোট নৌযানে যাত্রী পরিবহন এবং বৈরী আবহাওয়ায় নদীপথে চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হঠাৎ ঝড়, প্রবল বাতাস ও ঢেউয়ের মধ্যে ছোট ট্রলার চলাচল কতটা নিরাপদ—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। নদীপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নৌযান চলাচল, পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম এবং নিয়মিত নজরদারি জোরদারের দাবি উঠেছে।

