নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জকে একটি ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন ও সরকারের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। দীর্ঘদিনের নানা সমস্যায় জর্জরিত এ শহরের পরিবর্তনে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে এমন অনেক উন্নয়ন দৃশ্যমান হবে, যা গত দুই দশকেও সম্ভব হয়নি।
রোববার (১২ জুলাই) বিকেলে নগরীর হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে ২৭টি ওয়ার্ড ও বন্দর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব এসেছে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে নগরীর সার্বিক চিত্র বদলে যাবে। এ কাজে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছেন। অতীতে যেসব কর্মকাণ্ডের কারণে রাজনৈতিক দলগুলো সমালোচিত হয়েছে, বিএনপি যেন সেই পথ অনুসরণ না করে সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সাখাওয়াত আরও অভিযোগ করেন, একটি মহল বিএনপি, ছাত্রদল ও যুবদলকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তাই কোনো নেতাকর্মী যেন এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হন, যাতে বিরোধীদের সমালোচনার সুযোগ তৈরি হয়। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের ভাবমূর্তি রক্ষার পাশাপাশি ষড়যন্ত্র ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
দুই দশকের চেয়েও বেশি উন্নয়ন হবে এক বছরে: সাখাওয়াত
Leave a Comment

