নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মশিউর (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন উত্তর নরসিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় উত্তর নরসিংপুরের তারামিল সংলগ্ন এনামুল হাজীর বাড়ির গেটের পাশের ফাঁকা জায়গা থেকে মশিউরকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মশিউরের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ছোট ভগবানপুর এলাকায়। বর্তমানে তিনি ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় মোসলার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার বাবার নাম কুদ্দুস এবং মায়ের নাম মাহমুদা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

