নারায়ণগঞ্জের ফতুল্লায় সহকর্মীদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
শুক্রবার সকালে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।
পরিচ্ছন্নতাকর্মীদের ভাষ্য, ফতুল্লা ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার প্রায় ৬০০টি ভ্যানের মাধ্যমে বিভিন্ন বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করে লামাপাড়ার মার্কাজ রোড এলাকার একটি বেসরকারি ডাম্পিং স্থানে নেওয়া হয়। ভ্যানগুলোর যান্ত্রিক সমস্যা দেখা দিলে সেগুলো রিয়া গোপ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কের পাশে মেরামত করা হয়ে থাকে।
তাদের অভিযোগ, গত বুধবার বিকেলে কয়েকটি ভ্যান মেরামতের সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল সড়ক থেকে ভ্যান সরিয়ে নিতে বলার একপর্যায়ে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
এ ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে সালিস বৈঠকের আয়োজন করা হয়। তবে পরিচ্ছন্নতাকর্মীদের দাবি, বৈঠক চলাকালেই হিমেল তার সহযোগীদের নিয়ে আবারও ১০ থেকে ১২ জন পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা তাদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, ময়লা বহনকারী প্রায় ৬০০টি ভ্যান থেকে প্রতিদিন একটি প্রভাবশালী চক্র প্রায় এক লাখ টাকা চাঁদা আদায় করে। তাদের দাবি, ওই চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরেই পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে এ অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অবরোধের কারণে লিংক রোডে যান চলাচল প্রায় এক ঘণ্টা ব্যাহত হয়। দীর্ঘ যানজটে আটকে পড়ে শত শত যানবাহন। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে কয়েক কিলোমিটার পথ হেঁটে যেতে হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে। এরপরই তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

