নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় বোরহান হাজীর বাড়ির সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. ইমন হোসেন (২৪), মো. আজমীর হোসেন (২৮) ও মো. মিরাজ (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লা মডেল থানার একটি দল দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের পিসিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

