নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনিয়া (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কুতুবপুরের দাপা মসজিদ এলাকার কাজী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই মিলন ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোনিয়াকে ১৬০ পিস ইয়াবাসহ আটক করে।
গ্রেপ্তার সোনিয়া কুতুবপুরের দাপা মসজিদ এলাকার কাজী বাড়িতে আব্দুল বারেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম রিপন গাজী এবং মায়ের নাম নিলুফা বেগম।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সোনিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

