নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোরাই মোবাইল ফোন সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ থানাধীন মিলের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার খাড়াসার এলাকার মৃত ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার গোবরাপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিলের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চোরাই মোবাইল ফোন সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে বলে দাবি করেছে পুলিশ। এছাড়া সিডিএমে (ক্রিমিনাল ডেটাবেস ম্যানেজমেন্ট) অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে পূর্বের মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন একটি পেশাদার অপরাধী চক্রের সঙ্গে জড়িত।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।

