নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের একটি অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর তালতলা এলাকায় সিটি ইকোনমিক জোনের অটোরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন—তালতলা এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির মিয়া (২৫) এবং হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল হক (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, সকালে অটোরাইস মিলে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন সাব্বির ও মোজাম্মেল। এ সময় হঠাৎ বয়লারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই মিলে আগুন ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
এ ঘটনায় সাব্বির মিয়া ও মোজাম্মেল হক দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
দগ্ধ মোজাম্মেল হকের স্ত্রী আমেনা বেগম জানান, বিস্ফোরণে তার স্বামীর শরীরের প্রায় অর্ধেক অংশ ঝলসে গেছে। একইভাবে সাব্বির মিয়াও দগ্ধ হয়েছেন।
এদিকে দুর্ঘটনার বিষয়ে বক্তব্য জানতে সিটি গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

