নারায়ণগঞ্জের ফতুল্লায় ঋণের কিস্তির টাকা পরিশোধ নিয়ে পারিবারিক মনোমালিন্যের জেরে বৃষ্টি (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পোস্ট অফিস রোডের খোসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি ফতুল্লার কিবরিয়ার স্ত্রী। তাঁদের দেড় বছরের একটি সন্তান রয়েছে।
স্বামী কিবরিয়ার দাবি, বৃষ্টির নামে প্রায় ৮০ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছিল। প্রতি সপ্তাহে ২ হাজার ২০০ টাকা কিস্তি দিতে হতো। মঙ্গলবার কিস্তির টাকা দিতে না পারায় বিষয়টি বৃষ্টির জামিনদার খালা-শাশুড়িকে জানানো হয়। এ নিয়ে মনোমালিন্যের পর বৃষ্টি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে দাবি করেন তার স্বামী।
পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে বৃষ্টির সঙ্গে খারাপ আচরণের অভিযোগ অস্বীকার করেছে ঋণদাতা সমিতি। তাদের দাবি, কিস্তির টাকা দিতে না পারায় বৃষ্টির ওপর কোনো চাপ দেওয়া হয়নি।
এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে।

