নারায়ণগঞ্জের আদালত স্থানান্তর ইস্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের অবস্থানে ভিন্নতা দেখা দিয়েছে। একই প্যানেলের নেতৃত্বে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করলেও আদালত স্থানান্তর প্রশ্নে এবার কার্যত মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন সমিতির শীর্ষ দুই নেতা। বিষয়টি নিয়ে আদালতপাড়ায়ও শুরু হয়েছে নানা আলোচনা।
বর্তমানে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান। গত বছর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল থেকে তারা নেতৃত্ব দেন এবং ওই প্যানেল বিপুল ব্যবধানে জয়ী হয়। পরবর্তী সময়ে তাদের নেতৃত্বে পূর্ণ প্যানেল দায়িত্ব গ্রহণ করে।
আদালত স্থানান্তরের বিষয়ে সাধারণ আইনজীবীদের একটি অংশ ইতোমধ্যে আপত্তি জানিয়ে মাঠে নেমেছেন। তাদের বক্তব্য, নারায়ণগঞ্জের আদালতগুলো বিচ্ছিন্ন স্থানে সরিয়ে নেওয়া হলে আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। বিশেষ করে চাষাড়া এলাকার তীব্র যানজটের কারণে আদালতের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়া হলে যাতায়াতে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। শহরের চাষাড়া এলাকায় যানজট দীর্ঘদিনের নাগরিক সমস্যা হিসেবেও বিভিন্ন কর্মসূচিতে উঠে এসেছে।
তবে সাধারণ আইনজীবীদের এ অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত নন সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির। তিনি আদালত স্থানান্তর নিয়ে চলমান আন্দোলনের পক্ষে নন বলে পরিষ্কার করেছেন। তার বক্তব্য, ঢাকায় যাওয়ার চেয়ে নারায়ণগঞ্জের পুরাতন কোর্টে যাওয়া অনেক ভালো। অর্থাৎ আদালতের কার্যক্রম পুরাতন কোর্ট এলাকায় গেলে আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য সেটি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হতে পারে বলে মনে করছেন তিনি।
অন্যদিকে গত ২৪ আগস্ট জরুরি সংবাদ সম্মেলনে সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। তিনি বলেন, আদালত স্থানান্তর নিয়ে এখন পর্যন্ত সরকারের কোনো আদেশ, নির্দেশনা কিংবা প্রজ্ঞাপন জেলা আইনজীবী সমিতির কাছে আসেনি। বিভিন্ন মাধ্যমে আদালত স্থানান্তর নিয়ে আলোচনা হলেও আইনজীবী ও বিচারপ্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
আনোয়ার প্রধান বলেন, ল্যান্ডস কোর্ট, সাইবার কোর্ট, বিদ্যুৎ কোর্ট ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কালীরবাজারের নতুন ভবনে স্থানান্তর নিয়ে আলোচনা শোনা গেলেও এ বিষয়ে সমিতির কাছে এখনো কোনো সরকারি প্রস্তাব আসেনি। বর্তমান আদালত ভবনেই এসব আদালতের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জায়গা রয়েছে। প্রয়োজনে বিদ্যমান অবকাঠামোর মধ্যেই জায়গার ব্যবস্থা করে আদালতগুলোর কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
চাষাড়া এলাকার যানজটকেও আদালত স্থানান্তরের বিরোধিতার অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছেন আনোয়ার প্রধান। তার মতে, চাষাড়া নারায়ণগঞ্জ শহরের অত্যন্ত ব্যস্ত ও যানজটপূর্ণ এলাকা। এমন পরিস্থিতিতে আদালতের কার্যক্রম এক স্থান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হলে আইনজীবী ও বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়বে এবং আদালতের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
নারায়ণগঞ্জে আদালত স্থানান্তরের বিষয়টি অবশ্য নতুন নয়। এর আগে ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আটতলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন দীর্ঘদিন অব্যবহৃত অবস্থান পড়ে আছে। আইনজীবীদের একটি অংশ পৃথক দুই স্থানে দুই কোর্ট রাখার বিষয়ে আপত্তি জানানোয় ওই ভবনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থানান্তর করা সম্ভব হয়নি ।
ফলে এবার আদালত স্থানান্তর নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় পুরোনো বিতর্কও সামনে এসেছে। একদিকে সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলছেন, সরকারি কোনো সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন না আসা পর্যন্ত বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই এবং বর্তমান আদালত প্রাঙ্গণেই প্রয়োজনীয় অবকাঠামো তৈরির সুযোগ রয়েছে। অন্যদিকে সভাপতি সরকার হুমায়ুন কবির স্থানান্তরের সম্ভাবনাকে সরাসরি আন্দোলনের মাধ্যমে ঠেকানোর অবস্থানে নেই এবং পুরাতন কোর্টে যাওয়াকে তুলনামূলক ভালো বিকল্প হিসেবে দেখছেন।
আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ দুই নেতার এমন ভিন্নমুখী অবস্থানকে ঘিরে আদালতপাড়ায় প্রশ্ন উঠেছে আদালত স্থানান্তরের বিষয়ে শেষ পর্যন্ত জেলা আইনজীবী সমিতির আনুষ্ঠানিক অবস্থান কোনটি? সাধারণ আইনজীবীদের আন্দোলন কি সমিতির সিদ্ধান্তে রূপ নেবে, নাকি সরকার হুমায়ুন কবিরের অবস্থানই আলোচনার নতুন মাত্রা তৈরি করবে?
এখন মূল নজর সরকারি সিদ্ধান্তের দিকে। আদালত স্থানান্তর নিয়ে কোনো প্রজ্ঞাপন বা চূড়ান্ত নির্দেশনা এলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আইনজীবী সমিতির নেতারা কীভাবে সমন্বিত অবস্থান নেন, সেটিই হবে পরবর্তী আলোচনার বিষয়।

