নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক রাজনীতিতে দীর্ঘদিন ধরেই এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। শীর্ষ পর্যায়ের অনেক নেতা বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে থাকায় এবং জাতীয় নির্বাচনের পর জেলার অধিকাংশ আসনে বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দলীয় রাজনীতির বড় একটি অংশ এখন এমপিদের কার্যালয় ও বিভিন্ন দপ্তরকেন্দ্রিক হয়ে পড়েছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।
শুধু জেলা ও মহানগর বিএনপির নেতারাই নন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি অংশও এসব দপ্তর ও সংসদ সদস্যদের কার্যালয়ে নিয়মিত ভিড় করছেন। ফলে মাঠপর্যায়ে দলীয় কর্মসূচি, সাংগঠনিক সভা ও নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অনেকটাই কমে গেছে। দলীয় কর্মসূচিতেও শীর্ষ নেতাদের উপস্থিতি আগের তুলনায় কম দেখা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
দলীয় একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের বিরোধ, সাংগঠনিক দুর্বলতা ও নিষ্ক্রিয়তার পাশাপাশি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জেলা ও মহানগরের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক সক্ষমতা প্রশ্নের মুখে পড়েছে। কোথাও মেয়াদোত্তীর্ণ কমিটি, কোথাও দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটি বহাল থাকা, আবার কোথাও পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিলম্ব—সব মিলিয়ে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী টেন্ডার, হাট-মাঠ ও বিভিন্ন ইজারা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আবার কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও উঠছে। এসব ঘটনায় দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা আরও প্রকট হচ্ছে বলে মনে করছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।
তবে দলের ভেতরেই স্বচ্ছ ও ক্লিন ইমেজের রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীরা পরিস্থিতির পরিবর্তন চান। তারা অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের মাধ্যমে মাঠপর্যায়ে দলীয় কার্যক্রম আরও সক্রিয় করার দাবি জানাচ্ছেন।
এদিকে কেন্দ্রীয় পর্যায় থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে—এমন আলোচনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে। সম্ভাব্য পুনর্গঠনের খবর ছড়িয়ে পড়ার পর পদপ্রত্যাশী নেতারাও নতুন করে রাজনৈতিক তৎপরতা বাড়ানোর চেষ্টা করছেন।
ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের সম্ভাব্য নেতারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আন্দোলন-সংগ্রামে ভূমিকা, কারাবরণ, সাংগঠনিক অবদান, মাঠপর্যায়ে সক্রিয়তা এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে নতুন কমিটিতে জায়গা পাওয়ার চেষ্টা করছেন তারা।
দলটির একাধিক নেতা মনে করছেন, এবার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বয়স, গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে সক্রিয়তার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হতে পারে। এ কারণে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নীরব প্রতিযোগিতাও শুরু হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের ধারণা, খুব শিগগিরই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃত্বের পরিবর্তন আসতে পারে। নতুন নেতৃত্বের মাধ্যমে দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে সংগঠনগুলোকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হতে পারে। আর এমন পুনর্গঠন সফল হলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মাঠপর্যায়ের রাজনীতিও নতুন করে সক্রিয় হওয়ার সম্ভাবনা দেখছেন নেতাকর্মীরা।

