নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। পরে মঙ্গলবার শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি চাঁদপুরের হাইমচর এলাকার বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। একই বাড়িতে শিশুটির পরিবারও ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অভিযোগ রয়েছে, সোমবার দুপুরে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা পাশের কক্ষ থেকে সেখানে ছুটে গেলে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি অস্বীকার করেন। পরে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে খবর দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

