নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় সশরীরে আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে উপস্থিত হয়ে তিনি এ হাজিরা প্রদান করেন।
মামলার শুনানির বিষয়ে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আসামির শারীরিক অসুস্থতা, দীর্ঘ কারাবাস ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় সশরীরে হাজিরার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।
তিনি আরও জানান, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার চার্জশিট দাখিল এবং বিচারের জন্য স্থানান্তর না হওয়া পর্যন্ত আইনজীবীই তাঁর পক্ষে হাজিরা দেবেন। তবে পরবর্তীতে বিচার কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শুরু হলে ডা. আইভীকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হতে হবে।
আদালত প্রাঙ্গণে নিজের প্রতিক্রিয়ায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমি নির্দোষ হয়েও আজ অপরাধী। নারায়ণগঞ্জে সারাজীবন হত্যা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, অথচ আজ আমিই আসামির কাঠগড়ায়। তবে এর সঠিক বিচার আল্লাহ এবং নারায়ণগঞ্জের মানুষ করবে।”

