ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জের ডিএনডি খালসহ বিভিন্ন খাল ও জলাধারে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খনন কার্যক্রম।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় ডিএনডি প্রধান নিষ্কাশন খালে এসকেভেটর (ভেকু) দিয়ে খনন ও বর্জ্য অপসারণের কাজ করা হয়। খাল থেকে ময়লা-আবর্জনা ও জমে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য সরানোর পাশাপাশি দুই পাশে থাকা অবৈধ ও অতিরিক্ত স্থাপনাও উচ্ছেদের কাজ চলছে।
নাসিকের ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সচিব মো. রাকিবুল ইসলাম জানান, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশনায় হীরাঝিল এলাকার ডিএনডি খালটি পরিষ্কার ও খনন করা হচ্ছে। খালটি দিয়ে আশপাশের কয়েকটি ওয়ার্ডের পানি নিষ্কাশিত হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালটিতে ময়লা-আবর্জনা জমে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে বর্ষাকালে আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। খালটি ভালোভাবে খনন ও পরিষ্কার করা হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং জলাবদ্ধতার ভোগান্তি অনেকটাই কমে আসবে।
রাকিবুল ইসলাম আরও বলেন, শুধু ময়লা-আবর্জনা অপসারণ নয়, খালের দুই পাশের অবৈধ স্থাপনাও সরানোর কাজ চলছে। একই সঙ্গে খালে যাতে পুনরায় কেউ বর্জ্য না ফেলে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।
তিনি বলেন, খাল পরিষ্কার রাখার দায়িত্ব সিটি করপোরেশনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও। কেউ নিয়ম অমান্য করে খালে ময়লা ফেললে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নাসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএনডি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা ও জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে অন্যান্য খালও খনন ও পরিষ্কার করা হবে।

