আগামীকাল ১৫ আগস্টকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সারাদেশের পাশাপাশি নারায়ণগঞ্জেও কঠোর অবস্থানে থাকবে পুলিশ ও র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন)।
১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের মিছিল, সমাবেশ কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানা গেছে।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হবে নজরদারি। পাশাপাশি বিভিন্ন এলাকায় টহল জোরদার এবং সন্দেহজনক গতিবিধির ওপর বিশেষ নজর রাখা হবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে ঘিরে কেউ যেন জনমনে আতঙ্ক সৃষ্টি কিংবা জনদুর্ভোগ তৈরি করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা ও গুজব ছড়ানোর বিষয়েও নজরদারি থাকবে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না।
সব মিলিয়ে ১৫ আগস্টকে ঘিরে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কঠোর অবস্থানে থাকবে পুলিশ ও র্যাব।

