নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালের বিরুদ্ধে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পরিচালনা, সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায়, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনা এবং ল্যাব টেকনিশিয়ানের পরিবর্তে অন্যান্য কর্মচারীদের দিয়ে প্যাথলজি পরীক্ষা পরিচালনার প্রমাণ পাওয়া যায় বলে জানায় প্রশাসন।
এসব অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই হাসপাতালকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, জনস্বার্থে উপজেলার অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
অভিযানকালে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

