বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিদ্ধিরগঞ্জ থানা শাখা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরসহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের ইজারা না দেওয়া এবং খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ডে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও মিছিল থেকে এসব দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ সিদ্ধিরগঞ্জ থানা সমন্বয়ক সেলিম মাহমুদ। বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, জেলা বর্ধিত ফোরামের সদস্য সুলতানা আক্তার, জাহাঙ্গীর হোসেন, রুহুল আমিন সোহাগ, নির্মল বর্মন, তৌহিদুল ইসলাম সুজন, সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলেও বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণ হয়নি। তাদের অভিযোগ, রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি, খুন, অপহরণ, চাঁদাবাজি, দুর্নীতি ও মব সন্ত্রাসের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার বিঘ্নিত হচ্ছে।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অসম বাণিজ্য চুক্তি করা হয়েছে, যা দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে। পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন বন্দর ও টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগেরও সমালোচনা করেন তারা।
বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমিকদের মজুরি ও ব্যাংকিং সেবা, বিশুদ্ধ পানির সংকট এবং প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক বৈষম্য আরও বেড়েছে।
সমাবেশ থেকে অসম বাণিজ্য চুক্তি বাতিল, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের ইজারা বন্ধ, খুন-সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর ব্যবস্থা, বিশুদ্ধ পানির নিশ্চয়তা এবং শ্রমিকদের নির্বিঘ্নে বেতন উত্তোলনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সমাবেশ শেষে নেতারা বৈষম্য ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

