ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম সামনে রেখে দলবদলের তারিখ ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সোমবার ঘোষিত সূচি অনুযায়ী, ১৮ ও ১৯ এপ্রিল খেলোয়াড়দের দলবদল। লিগ শুরুর তারিখ জানায়নি সিসিডিএম। সূত্র জানিয়েছে, ৫ মে শুরু হতে পারে লিগ। মিরপুর স্টেডিয়ামে সিসিডিএমের কার্যালয়ে শনি ও রোববার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে দলবদলের কার্যক্রম।
দেশের শীর্ষ লিস্ট ‘এ’ প্রতিযোগিতায় এবারও অংশ নিতে যাওয়া ১২টি দল হলো-আবাহনী, মোহামেডান, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।
ইতোমধ্যে ক্লাবগুলোর মধ্যে নীরব প্রস্তুতি শুরু হয়েছে। শীর্ষস্থানীয় ও উদীয়মান ক্রিকেটারদের দলে টানতে তৎপর ক্লাবগুলো। জাতীয় দল ও তার আশপাশে থাকা ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস ঢাকা লিগ। এবারের আসর নিয়ে জটিলতা তৈরি হয় গত বিসিবি নির্বাচন ঘিরে। গত অক্টোবরে নির্বাচনের দুদিন আগে ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, নির্বাচন পিছিয়ে সুষ্ঠুভাবে আয়োজন করা না হলে ঢাকা লিগ ক্রিকেট বর্জন করবে ক্লাবগুলো। ৪৮টি ক্লাব এ দাবিতে একমত বলে জানানো হয়েছিল তখন। আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ অবৈধ ঘোষণা দিয়ে ভেঙে দেওয়ার পর অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এরপরই কয়েকদিনের মধ্যে ঢাকা লিগ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিল তামিম ইকবালের অ্যাডহক কমিটি।

