দৈনিক ভোরের সময়ের স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ গত এক সপ্তাহ ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।
হঠাৎ কোমর ব্যথা ও পায়ের রগে টান অনুভূত হওয়ায় তিনি নারায়ণগঞ্জের ল্যাবএইড হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে প্রয়োজনীয় ওষুধ দেন। ব্যথা কিছুটা কমলে এমআরআই করার পরামর্শও দেওয়া হয়েছে।
ওষুধ সেবনের পর ব্যথা সাময়িকভাবে উপশম হলেও তা আবার ফিরে আসছে। এ কারণে গত সাত দিন ধরে তিনি স্বাভাবিক কাজকর্মে অংশ নিতে পারছেন না। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থেকে চিকিৎসা নিচ্ছেন।
নারায়ণগঞ্জের গণমাধ্যম অঙ্গনে সাদা মনের মানুষ ও সাংবাদিক সমাজের নিবেদিতপ্রাণ সহকর্মী হিসেবে এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের পরিচিতি রয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটিকে সংগঠিত করতে তার নিরলস ভূমিকা সহকর্মীদের কাছে প্রশংসিত।
তার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে গণমাধ্যমকর্মী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি জানায়, মহান আল্লাহর অশেষ রহমতে প্রিয় সহকর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ যেন দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসেন—এ জন্য সকলের কাছে দোয়া কামনা করা হচ্ছে।
এদিকে সাংবাদিক সমাজের পাশাপাশি নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও তার আশু রোগমুক্তি কামনা করেছেন।

