নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। এছাড়া উদ্ধার করা হয়েছে ৪০০ গ্রাম গাঁজা, যা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার মধ্য নরসিংহপুর, দক্ষিণ মাসদাইর ও গলাচিপা এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক হওয়া মো. ওয়াহিদুজ্জামান অনিক (৩৫)-কে ২ মাসের, মো. রাব্বি (১৮)-কে ১ মাসের এবং মোহাম্মদ সামিউল (১৮)-কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ। ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযানে আটক অপর দুইজন হলেন আব্দুস সালাম (৩২) ও সাদ্দাম (১৫)। তাদের ফতুল্লা মডেল থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ব্যবস্থা গ্রহণ করে রোববার (১৯ জুলাই) আদালতে পাঠানো হবে।
এ সময় অভিযানস্থল থেকে উদ্ধার হওয়া ৪০০ গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইন-এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল এবং পুলিশ লাইন্সের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

