নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মো. আনন্দ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার আনন্দের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বসবাস করছিলেন।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পেরেছে, তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় ভয়ভীতি সৃষ্টি এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যাব জানিয়েছে।

