নারায়ণগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে শহরের একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
মীম শরৎ গ্রুপের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও সংগঠনের কার্যনির্বাহী সদস্য সৈয়দ সিফাত আল রহমান লিংকন।
সংগঠনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আমির হোসেন স্মিথ।
বক্তারা তাঁদের বক্তব্যে নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা, শিল্পাঞ্চলের উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি জেলার বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এর আগে চ্যানেল ওয়ানের নাফিজ আশরাফকে সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আমির হোসেন স্মিথ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ সাত্তার আলী সোহেল এবং কার্যনির্বাহী সদস্য শরীফ উদ্দিন সবুজ, আনোয়ার হাসান, সৈয়দ সিফাত আল রহমান লিংকন ও হাসান মজুমদার বাবলু।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে অভিষেক স্মারক তুলে দেন অতিথিরা। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

