নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনইউডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে শহরের তীব্র যানজট, হকারদের দখল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অবৈধ গাড়ি পার্কিং এবং জনভোগান্তির নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তারা।
জবাবে চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। একটি নিরাপদ ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। তাই জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাবেক সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম।

