নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি এখন আর শুধু সাংগঠনিক কার্যক্রমে সীমাবদ্ধ নেই, বরং অনেকটাই দাবা খেলার মতো হিসাব-নিকাশের লড়াইয়ে পরিণত হয়েছে। এখানে প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়, বরং একই দলের ভেতরের আরেকটি পক্ষ। কে কাকে পেছনে ফেলবে, কে কাকে সাংগঠনিকভাবে কোণঠাসা করবে এবং কে নিজের অবস্থান আরও শক্ত করবে এই প্রতিযোগিতাই এখন জেলা, মহানগর ও অঙ্গসংগঠনগুলোর রাজনীতির প্রধান আলোচনায় পরিণত হয়েছে।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, নারায়ণগঞ্জে বিএনপির সবচেয়ে বড় সংকট এখন বিরোধী দলের নয়, বরং নিজেদের অভ্যন্তরীণ সমন্বয়ের। চেইন অব কমান্ড কার্যত দুর্বল হয়ে পড়ায় অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায়ের সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে না। ফলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে “সবাই নেতা, কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো কার্যকর সমন্বয় নেই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে দলটির সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি সিটি করপোরেশন, জেলা পরিষদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দল-সমর্থিত ব্যক্তিরা দায়িত্ব পান। এত রাজনৈতিক ও প্রশাসনিক শক্তি হাতে থাকার পরও জেলা ও মহানগর বিএনপিকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ রাখা সম্ভব হয়নি।
এরই প্রতিফলন দেখা যায় জেলা বিএনপির কার্যালয়কে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায়। নির্বাচনের পর জেলার রাজনীতি সক্রিয় করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদসহ জেলার চার সংসদ সদস্যের ছবি এবং জেলা বিএনপির সাইনবোর্ড টানানো হয়।
কিন্তু গত ১৮ জুন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের অনুসারীরা কার্যালয়ে গিয়ে জেলা বিএনপির সাইনবোর্ড খুলে সেখানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড স্থাপন করেন। একই সঙ্গে অন্য তিন সংসদ সদস্যের ছবি সরিয়ে শুধু আজহারুল ইসলাম মান্নানের ছবি রাখা হয়। ঘটনাটি দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিলেও জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রকাশ্য কোনো প্রতিবাদ দেখা যায়নি। পরে সমালোচনার মুখে আগের সাইনবোর্ড পুনঃস্থাপন করা হয়।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২১ জুন আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। একই রাতে কেন্দ্রীয় যুবদল তাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করে। পরে মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনাও জেলা বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয়।
দলীয় নেতাকর্মীদের অভিযোগ, বর্তমানে জেলা বিএনপির নেতৃত্ব কার্যত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আহ্বায়ক মামুন মাহমুদ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সংসদ সদস্য হিসেবে ব্যস্ত, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব এনডিএ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে শরীফ আহমেদ টুটুল ব্যক্তিগত ব্যবসায় সময় দিচ্ছেন এবং সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন বহিষ্কার অবস্থায় রয়েছেন। ফলে সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় ক্রমেই দুর্বল হয়ে পড়েছে।
শুধু জেলা নয়, মহানগর বিএনপিতেও বিভক্তির চিত্র স্পষ্ট। আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে দীর্ঘদিন ধরেই আলাদা কর্মসূচিতে দেখা যাচ্ছে। যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা সংসদ সদস্য আবুল কালামের ছেলে হওয়ায় বন্দরের রাজনীতিতে বেশি সময় দিচ্ছেন বলে দলীয় নেতাকর্মীদের দাবি। ফলে মহানগর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রমেও সমন্বয়ের ঘাটতি দেখা দিয়েছে।
একই অবস্থা যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনগুলোতেও। দীর্ঘদিন ধরে নতুন কমিটি গঠন না হওয়ায় পুরোনো নেতৃত্বই বিভিন্ন ইউনিট নিয়ন্ত্রণ করছে। তৃণমূলের অভিযোগ, নতুন নেতৃত্বের উত্থান রোধে ইচ্ছাকৃতভাবে থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কমিটি ঝুলিয়ে রাখা হয়েছে। এতে সাংগঠনিক গতি যেমন কমেছে, তেমনি অভ্যন্তরীণ প্রতিযোগিতাও বেড়েছে।
দলীয় সূত্র বলছে, গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত কাউন্সিল ও সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের কথা থাকলেও নারায়ণগঞ্জ বিএনপিতে বহু বছর ধরে সেই প্রক্রিয়া কার্যত বন্ধ। এর ফলে নেতৃত্বের বৈধতা, দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক জবাবদিহিতার ক্ষেত্রেও সংকট তৈরি হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধী রাজনৈতিক শক্তি দুর্বল থাকার কারণে বর্তমানে নারায়ণগঞ্জে বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বিএনপিরই বিভিন্ন অভ্যন্তরীণ পক্ষ। ফলে জনসম্পৃক্ত কর্মসূচির চেয়ে ব্যক্তিকেন্দ্রিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতাই বেশি দৃশ্যমান হচ্ছে।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, দ্রুত পূর্ণাঙ্গ ও নির্বাচিত কমিটি গঠন, চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠা, সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত এবং অভ্যন্তরীণ বিরোধ নিরসনের উদ্যোগ না নিলে ভবিষ্যতে দলীয় সংকট আরও গভীর হতে পারে। তাদের মতে, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে সংগঠনকেন্দ্রিক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই এখন নারায়ণগঞ্জ বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

