বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিকে সফল করতে জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, “অবৈধ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসতেন। কিন্তু দেশের মানুষ সেই অপপ্রচার কখনো গ্রহণ করেনি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায়ও একটি মহল একই ধরনের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের মাধ্যমে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘জনগণের সমর্থনে দেশকে এগিয়ে নেওয়ার যে রাজনৈতিক নেতৃত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান দিচ্ছেন, সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিরোধী দল ও এনসিপির কিছু নেতাকর্মী ধারাবাহিকভাবে অশালীন, উসকানিমূলক ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্য শুধু রাজনৈতিক শালীনতাকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এসব অপপ্রচার ও কুরুচিপূর্ণ রাজনীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি ও অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী মঙ্গলবার নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা জেলা ও মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে জনগণের অবস্থান তুলে ধরা হবে।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক দলের সদস্য ইয়াসিন ফেরদৌস মুরাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম।

