আগস্টের প্রথম ১৯ দিনে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) আওতাধীন বিভিন্ন এলাকায় ট্রেনের ধাক্কায় নারী-পুরুষসহ ২০ জনের মৃত্যু হয়েছে। প্রায় প্রতিদিনই পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুটি ঘটনায় ট্রেনের ধাক্কায় দুজন নিহত হন। এ নিয়ে গত ২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ঢাকা রেলওয়ে থানার আওতাধীন এলাকায় ট্রেনের ধাক্কায় মোট ২০ জনের মৃত্যু হলো।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ জানায়, নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় স্বজনদের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তবে অধিকাংশের পরিচয় আঙুলের ছাপ ও মোবাইল ফোনের তথ্যের মাধ্যমে শনাক্ত করা হয়। পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে আইন অনুযায়ী ময়নাতদন্ত শেষে নির্দিষ্ট সময় অপেক্ষার পর মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
নিহতদের মধ্যে মিম (১৯), জীবন কুমার মণ্ডল (২৩), আজগর আলী (৩২-৩৫), লালবানু (৭৫), মোক্তার হোসেন (১৭)সহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন। এ ছাড়া কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিও রয়েছেন।
রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, জয়দেবপুর, তেজগাঁও, টঙ্গী-ধীরাশ্রম, সায়েদাবাদ, মগবাজার, ঢাকা রেলওয়ে স্টেশন, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, শ্রীপুর ও ক্যান্টনমেন্টসহ বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে। নিহতদের অধিকাংশের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কয়েকজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি জয়নাল আবেদীন বলেন, রেললাইন বাংলাদেশ রেলওয়ের নিজস্ব সম্পদ। রেললাইন স্থাপনের পর থেকে তা পরিত্যক্ত ঘোষণা না করা পর্যন্ত রেললাইনের সীমানায় সাধারণ মানুষের প্রবেশে আইনগত বিধিনিষেধ রয়েছে।
তিনি জানান, ট্রেনের ধাক্কায় কেউ মারা গেলে সাধারণত প্রথমে অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়। এর মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হয়। তদন্তে হত্যাকাণ্ডের কোনো তথ্য বা আলামত পাওয়া গেলে কিংবা নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে হত্যা মামলা দায়ের করে তদন্ত করা হয়।
রেললাইনে দুর্ঘটনার কারণ সম্পর্কে ওসি বলেন, বিভিন্ন কারণে মানুষ রেললাইনে প্রবেশ করেন। কেউ আত্মহত্যার উদ্দেশ্যে, আবার কেউ অসাবধানতাবশত রেললাইনে হাঁটাচলা করেন। অনেকে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে চলাচল করেন। এতে ট্রেনের শব্দ বা হর্ন শুনতে না পেয়ে দুর্ঘটনার শিকার হন।
রেললাইনে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে জয়নাল আবেদীন বলেন, দুর্ঘটনা এড়াতে রেললাইনের ওপর দিয়ে হাঁটা কিংবা সেখানে অবস্থান না করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
ঢাকা রেলওয়ে থানার আওতায় নারায়ণগঞ্জ থেকে কমলাপুর, বিমানবন্দর, টঙ্গী, জয়দেবপুর হয়ে টাঙ্গাইল ও যমুনা সেতু পর্যন্ত রেলপথের বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্ঘটনার বিষয়গুলো দেখভাল করে রেলওয়ে পুলিশ।

