নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি অনুদানের চেক, অর্থ ও খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিভিন্ন ব্যক্তি, ধর্মীয় প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পের প্রতিনিধিদের হাতে সরকারি বরাদ্দের চেক, অর্থ ও চাল তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, মসজিদের অবকাঠামো নির্মাণ ও সংস্কার এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের জন্য সরকারি অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তার অংশ হিসেবে চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, সরকার রূপগঞ্জের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, উন্নয়নের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জনস্বার্থে গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রূপগঞ্জকে আরও সমৃদ্ধ ও আধুনিক উপজেলায় পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

