বাংলাদেশ জুলাইযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু হাসান টিপু বলেছেন, মুক্তিযোদ্ধাদের ন্যায় জুলাইযোদ্ধাদের মর্যাদা প্রদান করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী বিশ্ব ইতিহাসে ‘২৪-এর এই গণঅভ্যুত্থানের ন্যায় এত অল্প সময়ে মধ্যে দেড় সহস্রাধিক শহীদ, প্রায় অর্ধলক্ষাধিক আহত আর কয়েক কোটি মানুষের মরণপণ লড়াইয়ের ঘটনা আর একটিও খুঁজে পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশ নামক এই রাষ্ট্রের জন্ম দিয়েছে আর ২৪-এর গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট শাসককে বিদায় দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি করেছে। অতএব ‘৭১-এর সাথে ‘২৪-এর কোনো বৈরিতা কিংবা বিরোধ নেই; বরং ২৪-এর গণঅভ্যুত্থান ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধেরই অনিবার্য ধারাবাহিকতা।
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে দেশের প্রথম নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভের পাদদেশে অনুষ্ঠিত সভায় আবু হাসান টিপু এসব কথা বলেন।
বাংলাদেশ জুলাইযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত এ আলোচনা সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জুলাইযোদ্ধা সংসদের সদস্য সচিব এন আর বি মামুন, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া, জুলাই যোদ্ধা ফাহমিদা খন্দকার, আব্দুল ছালাম, মোহাম্মদ শাহজাহান, নিশাত রানা, মো. বিল্লাল, মো. সালাউদ্দিন, মো. রোমেল প্রমুখ।
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে চাষাঢ়ায় শহীদ মিনারে মহাসমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

