নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন সমস্যা সমাধানে এলাকাটিকে সিটি করপোরেশনের আওতায় আনার উদ্যোগের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১২ জুন) জুমার নামাজ শেষে কুতুবপুরের মধ্য রসুলপুর বড় মসজিদে মুসল্লি, পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চান। কুতুবপুরে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা রয়েছে, যা ইউনিয়ন পরিষদের সীমিত বাজেটের কারণে সমাধান করা কঠিন। এ কারণেই এলাকাটিকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি উদ্যোগ নিয়েছেন এবং দ্রুত এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন।
মাদক সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কুতুবপুরে মাদকের বিস্তার উদ্বেগজনক। সম্প্রতি নারায়ণগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং শিগগিরই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।
এ সময় তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হলে তাকে ছাড়িয়ে আনার জন্য যেন কেউ সুপারিশ না করেন, সে ব্যক্তি আত্মীয়-স্বজন হলেও নয়। পাশাপাশি পঞ্চায়েত কমিটিগুলোকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সংসদ সদস্য বলেন, তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নের লক্ষ্য নিয়েই দায়িত্ব পালন করছেন। সমাজে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।
ডিএনটি প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়নে যেকোনো ইতিবাচক উদ্যোগকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমর্থন করা উচিত। প্রধানমন্ত্রীর উদ্যোগে ডিএনটি প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এ জন্য সরকারকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় জুবায়ের তামজিদ, নাসিম আহমেদ, আলিফ দেওয়ান, সোহাইল ইফতি, নূর জামাল, সিয়াম, তানভীরসহ পঞ্চায়েত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

