নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে নিহত তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকালে নিজ নিজ গ্রামের কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। মর্মান্তিক এ ঘটনায় স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে দুই জেলায়।
নিহতদের মধ্যে নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আকরাম হোসেন বিশ্বাসের ছেলে মো. গালিব (১৮) ও মেয়ে সুরাইয়া আক্তার (১২) রয়েছেন। তাদের জানাজা শেষে সকাল ১০টার দিকে রঘুনাথপুর কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামের বাসিন্দা মো. রাশেদুজ্জামান (২২)-কে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে পরিবার নিয়ে নড়াইল থেকে নারায়ণগঞ্জে পাড়ি জমান আকরাম হোসেন। সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকার কাশেমপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে কাঁচামালের ব্যবসা করতেন তিনি। তার একমাত্র ছেলে গালিব ও মেয়ে সুরাইয়া মাঝে মধ্যেই ব্যবসার কাজে তাকে সহায়তা করতেন।
পরিবারের সদস্যরা জানান, ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়িতে সময় কাটিয়ে কয়েকদিন আগে আবার নারায়ণগঞ্জে ফিরে যান তারা। আকরামের বড় মেয়ে তিথি বেগমের স্বামী রাশেদুজ্জামানও সেখানে অবস্থান করছিলেন এবং কাজের সন্ধান করছিলেন।
শনিবার বিকেলে গালিব, সুরাইয়া ও রাশেদুজ্জামান সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের দক্ষিণ কদমতলী এলাকায় গোসল করতে যান। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
রবিবার ভোররাতে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের মাতম শুরু হয়। জানাজায় আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় আকরাম হোসেন স্ত্রী-সন্তানদের নিয়ে নারায়ণগঞ্জে বসবাস শুরু করেছিলেন। কিন্তু একসঙ্গে ছেলে, মেয়ে ও জামাইকে হারিয়ে পরিবারটি অসহনীয় শোকের মধ্যে পড়েছে।
পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি গভীর শোক প্রকাশ করে বলেন, একই পরিবারের দুই সন্তানকে হারানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এদিকে স্থানীয়দের দাবি, ডিএনডি লেকসহ বিভিন্ন জলাশয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

