কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামে একজন ব্যক্তি নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পদধারী নেতা হিসেবে পরিচয় দিলেও তিনি সংগঠনটির বর্তমান কমিটির কোনো সদস্য নন বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (১১ জুন) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন স্থানে কে এম মাজহারুল ইসলাম জোসেফ নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন বলে কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা গেছে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বাধীন ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে জোসেফ নামে কোনো ব্যক্তি অন্তর্ভুক্ত নন।
যুবদল কেন্দ্রীয় কমিটি স্পষ্টভাবে জানিয়েছে, জোসেফের ব্যক্তিগত বা অনৈতিক কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না। একই সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনা অনুযায়ী এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

