ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের মিছিলের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-ডেমরা সড়কে যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। বিষয়টি পুলিশের নজরে এলে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (৬ জুন) পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— জীবন (৩৪), মো. আলম (৩০), মো. সোহেল (৪৪), আয়নাল মিয়া (৪৫) এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, গ্রেফতার হওয়া জীবন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্যাডার, আয়নাল মিয়া ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। এছাড়া মো. আলম ও মো. সোহেল আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “শিমরাইল-ডেমরা সড়কে মিছিলের ঘটনায় তথ্য-উপাত্ত সংগ্রহের পর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।”

