ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া খেলার মাঠ রক্ষার দাবিতে এলাকাবাসীর আন্দোলনের মধ্যেই নতুন বিতর্কের জন্ম হয়েছে। মাঠটি ঘিরে দেওয়াল নির্মাণে সহায়তার অভিযোগ উঠেছে বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঠিকাদারকে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চৌরাপাড়া খেলার মাঠটি এলাকার কিশোর-যুবক ও সাধারণ মানুষের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) মাঠটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়। এতে মাঠটি হারিয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে ওঠেন এলাকাবাসী।
মাঠ রক্ষার দাবিতে গত ১৯ এপ্রিল এলাকাবাসী নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কাছে স্বাক্ষরিত স্মারকলিপি দেন। পরে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানাকে ঘটনাস্থলে পাঠান।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে মাঠ উন্মুক্ত রাখার আশ্বাস দেন রানা। তবে স্থানীয়দের অভিযোগ, সেই আশ্বাসের পরদিনই ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত দেওয়াল নির্মাণের কাজ শুরু করে দেয়। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, “আমাদের সামনে আশ্বাস দেওয়া হলেও পরে ঠিকাদারের সঙ্গে সমঝোতা করা হয়েছে। দুই লাখ টাকার বিনিময়ে মাঠে দেওয়াল নির্মাণে মৌন সম্মতি দেওয়া হয়েছে।”
এ ঘটনায় চৌরাপাড়া খেলার মাঠ রক্ষার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ২৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দারা।
এ বিষয়ে বক্তব্য জানতে নাজমুল হক রানার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

