ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারী ও কন্যা শিশুদের প্রতি বেড়ে চলা যৌন সহিংসতা, ধর্ষণ, হত্যা ও নৃশংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে) বিকেল ৫টায় নগরীর মেট্রো হল সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক রহিমা খাতুন।
এসময় বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলার সাবেক সভাপতি আনজুমান আরা আকসির, সহ-সভাপতি প্রীতিকণা দাস, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম এবং শিক্ষক ফাল্গুনী দাস।
বক্তারা বলেন, সারাদেশে নারী ও কন্যা শিশুরা ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হলেও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দৃশ্যমান নয়। বিচারহীনতার সংস্কৃতি ও সামাজিক অবক্ষয়ের কারণেই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও গণপরিসরে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
তারা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ, হত্যা ও যৌন সহিংসতার ঘটনাগুলোর উল্লেখ করে বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, নারীকে মানুষ হিসেবে সম্মান করার সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কৃতি গড়ে তুলতে হবে। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সমাজ আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলা ও বিভিন্ন পাড়া কমিটির অর্ধশতাধিক সদস্য অংশ নেন।

