ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছে আব্দুল মালেক (২৭) নামে এক যুবক। অভিযোগ রয়েছে, ভাইয়ের স্ত্রীর কাছে ভাত চেয়ে না পেয়ে তিনি বাড়ির সাতটি ঘরে ব্যাপক ভাঙচুর চালান এবং ভাবি ও শিশুসহ পাঁচজনকে কুপিয়ে আহত করেন।
সোমবার (১৮ মে) বিকেলে ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকার তোফাজ্জল পুলিশের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মালেককে আটক করে।
আহতরা হলেন— রেনুভা বেগম (৩৫), জেনুফা আক্তার (৩০), লামিয়া আক্তার মীম (৬), খাদিজা আক্তার (১৮) ও খোকা মিয়া (৫৩)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে বেকার এবং মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। এ কারণে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই বিরোধ লেগে থাকত। ঘটনার দিন দুপুরে তিনি তার ভাবি রেনুভা বেগমের কাছে খাবার চান। খাবার না পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রথমে ঘরের ভেতর ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে বঁটি দিয়ে রেনুভা বেগম ও তার ছয় বছর বয়সী মেয়ে লামিয়া আক্তার মীমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।
এরপর মালেক পাশের আরও ছয়টি ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেন। তাকে থামানোর চেষ্টা করলে প্রতিবেশী খাদিজা আক্তার, জেনুফা আক্তার ও খোকা মিয়াকেও কুপিয়ে জখম করা হয়।
আহত খাদিজা আক্তার জানান, তিনি ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ মালেক দরজা ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে আহত করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, অভিযুক্ত মালেককে আটক করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনাটিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

