ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অ্যাসরোটেক্স গ্রুপের একটি পোশাক কারখানার ভেতর থেকে ইদ্রিস আলী (৪৩) নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকালে এনায়েতনগরের বারৈভোগ এলাকার ফারিহা নিট টেক্স লিমিটেড কারখানার স্টোররুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইদ্রিস আলী সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি ওই কারখানায় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে কর্মরত ছিলেন।
কারখানার সিকিউরিটি ম্যানেজার মোহাম্মদ মনির হোসেন জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে এক শ্রমিক স্টোররুমে ইদ্রিস আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
তিনি আরও জানান, সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে অফিস শেষে কারখানার গাড়িতে তার বাসায় ফেরার কথা ছিল। তবে দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে সহকর্মীরা মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তাকে ছাড়াই গাড়িটি চলে যায়।
নিহতের স্ত্রী হাফিজা আক্তার দাবি করেন, তার স্বামী নিয়মিত অফিস শেষে কারখানার গাড়িতে বাড়ি ফিরতেন। সোমবার রাতে বাসায় না ফেরায় তিনি মোবাইলে কল করলেও কোনো সাড়া পাননি। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, ইদ্রিস আলী কারখানায় নেই।
তিনি বলেন, “আমরা রাতেই পুলিশকে জানিয়েছিলাম। সকালে শুনি স্টোররুমে তার মরদেহ পাওয়া গেছে। তিনি ধর্মভীরু ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। আত্মহত্যা করার মতো কোনো কারণ ছিল না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এ ঘটনায় হত্যার অভিযোগ তুলে কারখানার শ্রমিক ও সহকর্মীরা বিক্ষোভ করেন। তারা দাবি করেন, ইদ্রিস আলীকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে কারখানার সামনে উত্তেজনা সৃষ্টি হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নেয়। এ সময় শ্রমিকরা বিক্ষোভ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পাশাপাশি ঘটনাটির তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

