ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জে মাদক ও সন্ত্রাস দমনে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে র্যাব-১১। সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেছেন, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার (৬ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-১১ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এর আগে মঙ্গলবার রাতভর পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, নগরীর ফতুল্লার মাসদাইর এলাকায় মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহে গিয়ে মঙ্গলবার দুপুরে র্যাবের গোয়েন্দা শাখার একটি দল সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে। এ সময় তিনজন সদস্য আহত হন, যার মধ্যে দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
হামলার ঘটনার পরপরই মাসদাইরসহ আশপাশের এলাকায় ব্যাপক অভিযান শুরু করে র্যাব ও পুলিশ। এরই ধারাবাহিকতায় রাতে পশ্চিম দেওভোগের নূর মসজিদ সংলগ্ন দুটি ভবনে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পিস্তলের ৬ রাউন্ড গুলি, সাতটি চায়নিজ কুড়াল, দুটি রামদা, চারটি চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র, চারটি সিসিটিভি ক্যামেরা, একটি ড্রোন, নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, ২৩৫ কেজি গাঁজা ও ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
প্রেস ব্রিফিংয়ে র্যাব অধিনায়ক বলেন, “মাসদাইর এলাকায় কিশোর গ্যাং, মাদক ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে গিয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে আমাদের সদস্যদের ওপর হামলা হলেও তারা পিছু হটেনি এবং মাদকের আস্তানাগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছে।”
তিনি আরও বলেন, এই অভিযান শুধু একটি এলাকায় সীমাবদ্ধ নয়, বরং পুরো নারায়ণগঞ্জ জুড়ে অপরাধ দমনের অংশ। কিশোর গ্যাং ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “অপরাধের পথ ত্যাগ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে র্যাব বদ্ধপরিকর।”

