ডেইলি নারায়ণগঞ্জ টুয়েনিটফোর ডটকমঃ ‘মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে শহরের চাষাঢ়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন, মালিকপক্ষের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে বিভাগীয় শ্রম দফতর, নারায়ণগঞ্জ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আয়োজনে, জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম বলেন, শ্রমিকের ঘামেই দেশের অর্থনীতির চাকা ঘোরে। তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা মালিক, শ্রমিক ও সরকার—সবার দায়িত্ব। শোভন কর্মপরিবেশ নিশ্চিত হলে উৎপাদন বাড়বে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শুধু মজুরি নয়, শ্রমিকের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও মনোসামাজিক সুস্থতা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। কারখানায় সেইফটি কমিটিকে আরও কার্যকর করা হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শ্রমিকদের বিমা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

