ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাতটি স্পটকে দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত করে সেখানে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সাম্প্রতিক মাসগুলোতে এসব এলাকায় একাধিক মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।
চেম্বারের সভাপতি ও সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে। ইতোমধ্যে সওজের একাধিক টিম সরেজমিনে স্থানগুলো পরিদর্শন করে কয়েকটি পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা স্বীকার করেছে।
গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বরাবর দেওয়া আবেদনে চেম্বার সভাপতি উল্লেখ করেন, প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের দুই পাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মাদ্রাসা ও শিল্পকারখানা রয়েছে। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন। পর্যাপ্ত ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
আবেদনে চাষাঢ়া মোড়, চাঁদমারি নতুন রাস্তার মোড়, জেলা কারাগার এলাকা, স্টেডিয়াম সংলগ্ন স্থান, সীমান্ত টাওয়ার জালকুড়ি, মাহমুদপুর, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভূইঘড় এবং সাইনবোর্ড এলাকাকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।
চেম্বার সভাপতি দিপু ভূঁইয়া বলেন, স্থানীয় ও জাতীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় এ সমস্যা গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। বিকেএমইএ, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন ও নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা দ্রুত সমাধান চান। জনস্বার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, প্রধান কার্যালয় থেকে কর্মকর্তারা লিংক রোড পরিদর্শন করেছেন এবং একাধিক স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা দেখেছেন। আগামী বাজেটে জুন-জুলাইয়ের মধ্যে অনুমোদন ও বরাদ্দ পাওয়া গেলে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।

