ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াপদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন ঝোপঝাড় থেকে এসব উদ্ধার করা হয়।
র্যাব-১১ সদর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত একটার দিকে একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে জুট মিলের প্রবেশপথের পাশে ঝোপের মধ্যে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পাওয়া যায়।
পরবর্তীতে মোড়ক খুলে একটি ৭.৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের একটি কার্তুজ উদ্ধার করা হয়।র্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রটি চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

