ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ-এর নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা অব্যাহতি চেয়ে যুক্তি উপস্থাপন করেন। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাটি দায়ের করা হয়েছে এবং প্রসিকিউশন প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন।
অন্যদিকে প্রসিকিউশন পক্ষ এসব দাবি নাকচ করে জানায়, অব্যাহতির আবেদন গ্রহণযোগ্য নয় এবং এতে মামলার মূল বিষয়বস্তুর বাইরে নানা প্রসঙ্গ আনা হয়েছে। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, “ডিসচার্জ আবেদনে জুলাই গণঅভ্যুত্থানকে ‘কথিত’ বলা হয়েছে, যা মামলার প্রেক্ষাপটে অগ্রহণযোগ্য।”
উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ৫ মে তারিখ ধার্য করেন।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, তানভীর আহমেদ টিটু, রাজু আহমেদ, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, শাহ নিজাম উদ্দিন আহমেদ, শাহাদাত হোসেন সাজনু, হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জের চাষাড়া ও সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় ছয়জনকে হত্যা করা হয়। পরবর্তীতে ২১ জুলাই ভূইগড় এলাকায় আরও দুইজন এবং ৫ আগস্ট আরও দুইজনকে হত্যা করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। একই দিন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

