ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ইতিহাসে এক বিভীষিকাময় দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। আদালতে হাজিরা শেষে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা অংশ থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন। পরে ৩০ এপ্রিল ও ১ মে শীতলক্ষ্যা নদীর বন্দরের শান্তিরচর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন—নজরুল ইসলাম, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং ইব্রাহিম।
ঘটনার পর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন কুমার সরকারের জামাতা বিজয় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন ফতুল্লা থানায়।
নিম্ন আদালতে ২৬ জনের মৃত্যুদণ্ড
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত আলোচিত এ মামলায় ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব-১১ এর চাকরিচ্যুত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানাসহ আরও অনেকে।
হাইকোর্টে কমে আসে মৃত্যুদণ্ড
পরবর্তীতে আসামিপক্ষের আপিলের পর ২০১৮ সালের ২২ আগস্ট হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। অন্যদের সাজাও পুনর্নির্ধারণ করা হয়। তবে এরপর প্রায় সাড়ে সাত বছর ধরে মামলা দুটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
এক যুগেও মেলেনি স্বস্তি
স্বজনদের অভিযোগ, এক যুগ পার হলেও বিচার কার্যকর না হওয়ায় তারা হতাশ। নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের বলেন, বছর যায় বছর আসে, কিন্তু মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় না। বিচার বিলম্বিত হওয়ায় তারা অসহায় বোধ করছেন।
তাজুল ইসলামের ছোট ভাই রাজু আহমেদ বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এলেও সাত খুন মামলার বিচার শেষ হয়নি। এতে পরিবারগুলো হতাশ ও ক্ষুব্ধ।
আতঙ্কে বাদী পরিবার
মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি বলেন, তাদের পরিবার এখনো ভয়ের মধ্যে দিন কাটায়। লোকমুখে প্রধান আসামি নূর হোসেন মুক্তি পেতে পারেন—এমন গুঞ্জনে তারা আতঙ্কিত। তিনি বলেন, “আমরা যা হারানোর হারিয়েছি, এখন শুধু চাই বিচারটা দেখে যেতে।”
দ্রুত নিষ্পত্তির দাবি
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, মামলার বিচারিক কার্যক্রম দীর্ঘদিন আটকে ছিল। বর্তমান সময়ে দ্রুত শুনানি নিয়ে চূড়ান্ত রায় কার্যকর করার দাবি জানান তিনি।
নারায়ণগঞ্জবাসীর প্রশ্ন—দেশের সবচেয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার আর কতদিন অপেক্ষায় থাকবে?

