পতিত সরকারের শাসনামলে অটোপাস পদ্ধতির কারণে শিক্ষাব্যবস্থার ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার সেই পরিস্থিতি থেকে উত্তরণ এবং আধুনিক ও গণমুখী শিক্ষার প্রসারে কাজ করছে বর্তমান সরকার।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দায় নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত আলহাজ মো. ফজলুল করিম স্মৃতি আন্তঃমাধ্যমিক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে আবুল কালাম বলেন, ‘বিতর্ক মানে বিরোধ নয়। বিতর্কের মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়।’ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় এবং মো. মঞ্জুরুল করিমের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটির আয়োজন করে বন্দর ক্লাব লিমিটেড। এতে উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করছে’ শীর্ষক বিষয়ের পক্ষে ও বিপক্ষে অংশ নেয় প্রতিদ্বন্দ্বী দলগুলো। যুক্তি, পাল্টা যুক্তি ও উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বক্তব্য তুলে ধরে।
বিচারকদের মূল্যায়নে বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং ড. আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলীনুর খান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম এবং চিত্রশিল্পী সানাউল আরেফিন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মাকসুদা ইয়াসমিন, শিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন এবং বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবাদী, আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

