ব্রাজিল এসেছে ভারতের কলকাতায়। ভিনিসিয়ুস জুনিয়রদের নিয়ে সমর্থকদের উন্মাদনা চরমে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এক নজর দেখতে বৃহস্পতিবার রাতে কলকাতার রাজপথে নেমেছিল ফুটবলপ্রেমীরা।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে কলকাতায় পৌঁছায় ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মারকিনিয়োসদের ব্রাজিল। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত ছিল কড়া নিরাপত্তা। ব্রাজিলের বহর বিমানবন্দর ছাড়ার সময় প্রিয় তারকাদের একঝলক দেখতে অপেক্ষায় ছিলেন অসংখ্য সমর্থক। কারও হাতে ব্রাজিলের পতাকা, কারও গায়ে হলুদ-সবুজ জার্সি। প্রিয় দলকে সামনে থেকে দেখার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠেছিল কলকাতার বৃহস্পতিবার রাতটি।
এই সফরের সবচেয়ে বড় আকর্ষণ রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার পাশাপাশি এনদ্রিক ও মারকিনিয়োসের উপস্থিতিও বাড়িয়েছে ম্যাচের আকর্ষণ। তবে চোটের কারণে রাফিনহা এই ম্যাচে খেলতে পারছেন না।
শুক্রবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করবে ব্রাজিল। সেখানেই ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেবেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। সকালে হওয়ার কথা মিডিয়া সেশন।
শনিবার একই ভেন্যুতে ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি নিয়ে কলকাতায় এখন উৎসবের আবহ। শহরের বিভিন্ন প্রান্তে ব্রাজিলের পতাকা ও জার্সির উপস্থিতি জানান দিচ্ছে, এই ম্যাচ শুধু একটি প্রীতি ম্যাচ নয়; কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে এটি তারকাদের দেখার বিরল সুযোগ।

